রোববার (১০ মে) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পাঁচাইক্কা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানউল্লাহ মিয়া ওই এলাকার মৃত ভুইয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানউল্লাহ মিয়ার ভাই আনতু মিয়ার কাছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের কিছু টাকা পাওনা ছিল। এ নিয়ে রোববার সকালে জাহেদা বেগম ও তার সন্তানদের সঙ্গে আনতু মিয়ার কথা কাটাকাটি হয়।
পরে দুপুরে হাওর থেকে ফিরে মানউল্লাহ মিয়া বিষয়টি জানতে পারেন। এরপর তিনি জাহেদা বেগম ও তার সন্তানদের কাছে এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে গুরুতর আহত হন মানউল্লাহ মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং ঘটনার তদন্ত চলছে।

0 Comments