বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কার মধ্যে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে চলমান গরম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১০ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব বিভাগের দু-এক জায়গায় দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও বিদ্যুৎ চমকাতেও পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, পরবর্তী সময়ে দেশের সব বিভাগেই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে। কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর আরও দুদিন দেশের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

0 Comments